অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া Hardik Pandya Penalised for Unprofessional Conduct | Bengal Focus

Bengal Focus
By -
0

ইডেনে হারের পর বড় ধাক্কা! অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandiya


বেঙ্গল ফোকাস: বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে জয় তুলে নেয় Kolkata Knight Riders। তবে ম্যাচ হারের হতাশার মাঝেই আরও বড় ধাক্কা খেলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে তাঁকে শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএলের তরফে জানানো হয়েছে, হার্দিকের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। অভিযোগ, তিনি ক্রিকেটীয় সরঞ্জামের অপব্যবহার করেছেন, যা আইপিএলের আচরণবিধির ২.২ ধারার লঙ্ঘন।

ঘটনাটি ঘটে কেকেআরের ইনিংসের ১০তম ওভারে। ওভারের চতুর্থ বলের আগে রান-আপ নিতে যাওয়ার সময় হার্দিক উইকেটের দু’টি বেল আঙুল দিয়ে টোকা মেরে ফেলে দেন। কোনও স্পষ্ট কারণ ছাড়াই এমন আচরণের জন্যই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। যদিও শাস্তি মেনে নিয়েছেন মুম্বই অধিনায়ক। আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারের নামের পাশে চার থেকে সাতটি ডিমেরিট পয়েন্ট জমা হলে তাঁকে একটি ম্যাচ নির্বাসিতও করা হতে পারে। ফলে ভবিষ্যতে হার্দিককে আরও সতর্ক থাকতে হবে বলেই মনে করছেন ক্রিকেট মহল।

ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন হার্দিক। তিনি বলেন, “আমরা অন্তত ২০ রান কম করেছি। পাওয়ার প্লে-তে অনেক উইকেট হারিয়েছি। আমি এবং তিলক আরও কিছুক্ষণ ক্রিজে থাকতে পারলে এবং বড় জুটি গড়তে পারলে অতিরিক্ত ১৫-২০ রান উঠতে পারত।” শুধু ব্যাটিং নয়, দলের ফিল্ডিং নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। হার্দিকের কথায়, “গোটা মরসুমে আমরা খুব খারাপ ফিল্ডিং করেছি। প্রচুর ক্যাচ ফেলেছি। ম্যাচ জিততে গেলে এই সুযোগগুলো কাজে লাগাতেই হবে। অর্ধেক ক্যাচ ধরতে পারলেও পরিস্থিতি আলাদা হতে পারত। ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন ক্যাচ ফেললে তার মূল্য দিতেই হয়।” ইডেনে এই হারের ফলে মুম্বইয়ের প্লে-অফের লড়াই আরও কঠিন হয়ে উঠল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।







Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)