অভিষেকের সাথে ‘যৌথ সম্পত্তি’ বিতর্কে মুখ খুললেন সায়নী, বললেন “এই ঘোষকে ভয় দেখানো যাবে না”
বেঙ্গল ফোকাস: গত কয়েকদিন ধরেই রাজ্যের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগে তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এরই মধ্যে সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর দাবি— কলকাতার সেভেন ট্যাঙ্ক রোডে একটি ফ্ল্যাট নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এর যৌথ মালিকানাধীন।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কলকাতার ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোডের একটি ফ্ল্যাটের মালিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ‘সায়নী ঘোষ’ নামও রয়েছে। এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, ওই সম্পত্তির সঙ্গে আদৌ কি তৃণমূল সাংসদ সায়নী ঘোষের কোনও সম্পর্ক রয়েছে?
এই বিতর্কের মাঝেই বুধবার সকালে সোশাল মিডিয়ায় মুখ খোলেন সায়নী ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানান, ওই সম্পত্তির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আমি জানি না এই সায়নী ঘোষ কে। কিন্তু কোনও প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।” সায়নী আরও দাবি করেন, তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এবং রাজনৈতিক জীবনে কোনও অবৈধ বা অপ্রত্যাশিত সুবিধা পাননি। তাঁর কথায়, জনগণের আশীর্বাদেই তিনি আজকের জায়গায় পৌঁছেছেন। পাশাপাশি নিজের নির্বাচনী হলফনামার কথাও উল্লেখ করেন তিনি। সাংসদের দাবি, তাঁর সমস্ত সম্পত্তির তথ্য ইতিমধ্যেই হলফনামায় উল্লেখ রয়েছে।
শুধু তাই নয়, এই ঘটনায় ক্ষোভও উগরে দেন সায়নী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁরা প্রমাণ ছাড়া তাঁর নাম জড়িয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “এই ‘ঘোষ’কে ভয় দেখানো যাবে না। আমি কবিগুরুর দেশের মানুষ।”
অন্যদিকে, রাজ্যে প্রশাসনিক কড়াকড়ির আবহে বর্তমানে কলকাতা পুরসভার নজরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তি বলেও জানা যাচ্ছে। রাজনৈতিক মহলে এই ইস্যু ঘিরে চাপানউতোর ক্রমেই বাড়ছে। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
