Hawker Free Sealdah Station শিয়ালদহে বড় অভিযান! সম্পূর্ণ হকারমুক্ত হলো দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন | Bengal Focus

Bengal Focus
By -
0

শিয়ালদহ এখন পুরোপুরি হকারমুক্ত, স্বস্তিতে লক্ষ লক্ষ নিত্যযাত্রী। Bengal Focus

শিয়ালদহে বড় অভিযান! সম্পূর্ণ হকারমুক্ত হলো দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন



Bengal Focus: দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ রেল স্টেশন-কে সম্পূর্ণ ভাবে ‘হকারমুক্ত’ করল পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং স্টেশনে ঢোকার চত্বর মিলিয়ে ২৫০-রও বেশি অবৈধ হকারকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে পালাবদলের পর রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপ দীর্ঘদিনের ‘দখলদারি সংস্কৃতি’র অবসান ঘটাল।

রেলের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শিয়ালদহ ডিভিশনের লক্ষ লক্ষ নিত্যযাত্রী। রেলওয়ে বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখা মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ লক্ষ যাত্রী যাতায়াত করেন। দৈনিক ৮৮৫ থেকে ৯২১টি শহরতলির লোকাল ট্রেন এই স্টেশন থেকে চলাচল করে। যাত্রিসংখ্যার বিচারে এটি দেশের অন্যতম ব্যস্ত স্টেশন। কিন্তু গত কয়েক বছরে প্ল্যাটফর্ম জুড়ে অবৈধ হকারদের রমরমা এতটাই বেড়েছিল যে সাধারণ যাত্রীদের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছিল। অভিযোগ উঠেছিল, আগের শাসকদলের ইউনিয়ন এবং রাজনৈতিক প্রভাবের কারণে বহুবার চেষ্টা করেও রেল কর্তৃপক্ষ হকারদের সরাতে পারেনি। ধীরে ধীরে প্ল্যাটফর্মের বড় অংশ দখল হয়ে যায়। যত্রতত্র ময়লা ফেলা, যাত্রীদের হাঁটার পথ আটকে যাওয়া এবং ট্রেনে ওঠানামায় সমস্যার মতো ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছিল। একই অবস্থা ছিল স্টেশনের প্রবেশপথগুলিতেও। এবার সেখান থেকেও জবরদখলকারীদের সরানো হয়েছে।

শুধু শিয়ালদহই নয়, শনিবার রাতে হাওড়া রেল স্টেশন-এর সামনেও উচ্ছেদ অভিযান চালানো হয়। পূর্ব রেলের এক আধিকারিক জানান, স্টেশন চত্বর যাত্রীদের সুবিধার জন্য, ব্যবসার জন্য নয়। হকারদের দাপটে প্রতিদিন চরম সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। চূড়ান্ত উচ্ছেদ অভিযানের আগে হকারদের আইনি নোটিস দিয়ে নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। অনেকেই স্বেচ্ছায় সরে গেলেও, যাঁরা শেষ পর্যন্ত টালবাহানা করেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। রেল জানিয়েছে, ভবিষ্যতে যাতে ফের স্টেশন চত্বর দখল না হয়ে যায়, তার জন্য আরপিএফ এবং রেল পুলিশের যৌথ নজরদারি আরও কড়া করা হবে। রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাহুল সিনহা। বিজেপির এই রাজ্যসভার সাংসদের বক্তব্য, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের প্ল্যাটফর্ম হকারদের দখলে থাকায় বহু দুর্ঘটনা ঘটত, সাধারণ মানুষের ট্রেন মিস হত এবং স্টেশনের সৌন্দর্যও নষ্ট হচ্ছিল। অন্যদিকে, এই উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, যাঁদের প্ল্যাটফর্ম থেকে সরানো হলো তাঁদের জীবিকা কেড়ে নেওয়া কি সরকারের ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতির অংশ? রাজনৈতিক তরজা চললেও সাধারণ যাত্রীদের বড় অংশের মত, প্ল্যাটফর্ম হকারমুক্ত হওয়ায় শিয়ালদহ রেল স্টেশন-এর চেহারায় আমূল পরিবর্তন এসেছে। যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমেছে বলেও দাবি তাঁদের।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)