ফলতা উপনির্বাচনের আগে হাই কোর্টে জাহাঙ্গির খান, গ্রেফতারের আশঙ্কা প্রকাশ তৃণমূল প্রার্থীর।
![]() |
| গ্রেফতারের আশঙ্কাতে হাইকোর্টে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ওরফে পুষ্পা |
Bengal Focus: আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তার মধ্যেই গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ফলতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি গ্রহণের অনুমতি দেন। জানা গিয়েছে, এদিন দুপুর ২টো নাগাদ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। হাই কোর্টে দায়ের করা আবেদনে জাহাঙ্গির খানের অভিযোগ, তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা ও এফআইআর দায়ের করা হয়েছে। আদালতের কাছে তাঁর আবেদন, রাজ্য সরকার যেন জানায় তাঁর বিরুদ্ধে মোট কতগুলি মামলা ও এফআইআর রয়েছে। পাশাপাশি ভোটের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ, গত শনিবারই ফলতায় নির্বাচনী সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি বলেন, “ভোট শেষ হোক। ওর ব্যবস্থা করব। সেই দায়িত্ব আমার।”
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত জাহাঙ্গির খান। গত কয়েক বছরে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে দ্রুত প্রভাব বাড়িয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের আবহে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয়পাল শর্মা এবং জাহাঙ্গির খানের মধ্যে ঠান্ডা লড়াইও রাজ্যের রাজনৈতিক চর্চায় উঠে এসেছে। ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’ হিসেবে পরিচিত অজয়পাল শর্মাকে অনেকেই বড়পর্দার জনপ্রিয় চরিত্র ‘সিংহম’-এর সঙ্গে তুলনা করেন। এরই পাল্টা জবাবে কয়েকদিন আগে জাহাঙ্গির খান মন্তব্য করেছিলেন, “উনি সিংহম হলেও আমিও পুষ্পা… ঝুঁকেগা নহি।” ফলতা উপনির্বাচনের আগে এই আইনি ও রাজনৈতিক সংঘাত এখন রাজ্যের রাজনৈতিক মহলে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে।
