দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত, ১ জুন থেকেই চালু একাধিক নতুন প্রকল্প।
Bengal Focus: রাজ্যের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষ, মহিলা যাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের জন্য একাধিক নতুন ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন থেকেই ধাপে ধাপে এই সমস্ত সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়েছে সরকারের তরফে।
সবচেয়ে বড় ঘোষণা করা হয়েছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে। এতদিন যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পেতেন, তাঁদের নাম সরাসরি নতুন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে স্থানান্তর করা হবে। অন্যদিকে যাঁরা এখনও এই সুবিধা পান না, তাঁদের জন্য নতুন আবেদন গ্রহণ করতে একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। সরকার জানিয়েছে, আগামী ১ জুন থেকেই মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়া শুরু হবে। এছাড়াও SIR প্রক্রিয়ায় বাদ পড়া প্রায় ৯১ লক্ষ মানুষের মধ্যে যাঁরা ট্রাইব্যুনাল বা CAA-তে আবেদন করছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাঁরা কোনও আবেদন করছেন না, তাঁদের নাম বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানা গিয়েছে।
মহিলাদের জন্যও বড় ঘোষণা করেছে সরকার। আগামী ১ জুন থেকে দূরপাল্লা ও নিকটবর্তী সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বাসভাড়া সম্পূর্ণ ফ্রি করা হচ্ছে। এর ফলে প্রতিদিন যাতায়াতকারী লক্ষাধিক মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আগামী রাজ্য বাজেটে আরও বেশি সংখ্যক ইলেকট্রিক সরকারি বাস চালুর বিষয়েও উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে।
সরকারি কর্মচারীদের জন্যও সুখবর এসেছে ক্যাবিনেট বৈঠক থেকে। দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শীঘ্রই এই কমিশনের কাঠামো ও সুপারিশ নিয়ে বিস্তারিত ঘোষণা করা হতে পারে।
অন্যদিকে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত সহায়তামূলক প্রকল্প চালু ছিল, সেগুলি বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। চলতি মাস পর্যন্ত প্রকল্পগুলি চালু থাকলেও আগামী মাস থেকে তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে বলে ক্যাবিনেট সূত্রে খবর।
রাজনৈতিক মহলের মতে, একাধিক জনমুখী সিদ্ধান্তকে সামনে রেখে সরকার আগামী দিনে বড় রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে। এখন দেখার, এই ঘোষণাগুলির বাস্তবায়ন কত দ্রুত হয় এবং সাধারণ মানুষের উপর তার কতটা প্রভাব পড়ে।
আরও পড়ুন:
